জাতীয়

সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধি

ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা ও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত অভিযানে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে তিনটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সাভার থানার মজিদপুর এলাকা থেকে তপন চক্রবর্তী (৩২) ও মোঃ রিপন (৩৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ২১ হাজার টাকা।

পরবর্তীতে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে আশুলিয়ার আউকপাড়া ত্রিশ ফিট বাজার এলাকা থেকে মিঠু (২৫) ও মোঃ মামুন (২৬) নামে দুইজনকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

এছাড়াও ভোর আনুমানিক ৩টা ৫ মিনিটে আশুলিয়ার চারিগ্রাম এলাকা থেকে মোঃ মাসুদ রানা (৩৯), মোঃ শামীম দেওয়ান (২৫) ও জুলফিকার মোল্লা (২৫) নামে তিনজনকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বে মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। এর মধ্যে মিঠুর বিরুদ্ধে ১টি, মাসুদ রানার বিরুদ্ধে ১টি, শামীম দেওয়ানের বিরুদ্ধে ৩টি এবং জুলফিকার মোল্লার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি (উত্তর) পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *